রামগড়ে বিজিবির মানবিক উদ্যোগ
পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে সেলাই ও স্প্রে মেশিন বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, কৃষি উপকরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে ৪৩ বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে জোন সদর এলাকায় এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, কৃষি জমিতে ব্যবহারের জন্য স্প্রে মেশিন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি উচ্চশিক্ষায় সহায়তা, অসহায় ও দরিদ্র পরিবারের সহযোগিতা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।
৪৩ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।




