
খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১৭ মে) দিবাগত রাত ১২টার পর উপজেলার নাকাপার চাষী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস থামিয়ে চাকা মেরামতের কাজ চলছিল। এসময় দ্রুতগতির ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম (৩৬) নামে এক যাত্রীর মৃত্যু হয়।
নিহত শাহ আলম খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন।
দুর্ঘটনায় জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) আহত হন। তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউছার জানান, উদ্ধার হওয়া ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি পাবনার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮) ও শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩) বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত চালক ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




