খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

বৈরি আবহাওয়ায়ও জমে উঠল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল

নিয়মভঙ্গ করায় মাটিরাঙ্গা বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রকৃতির বৈরিতাকে উপেক্ষা করে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় দিনের ফুটবল প্রতিযোগিতা। আকাশে মেঘ ও বৃষ্টির শঙ্কা, কাদামাখা মাঠ—সব বাধা উপেক্ষা করে ক্ষুদে ফুটবলাররা দেখিয়েছে দারুণ নৈপুণ্য ও লড়াকু মনোভাব। দিনভর দর্শকদের উপচেপড়া ভিড়, রুদ্ধশ্বাস ম্যাচ ও প্রাণবন্ত পরিবেশে মুখর ছিল পুরো মাঠ।

 

 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার বালক-বালিকা দল অংশগ্রহণ করে। মোট ২০টি দলের অংশগ্রহণে দ্বিতীয় দিনে নির্ধারিত ১০ ম্যাচের মধ্যে ৯টি অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই ছিল সমানতালে লড়াই, কৌশল ও গতি, যা দর্শকদের মুগ্ধ করে।

 

 

 

তবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মাটিরাঙ্গা উপজেলার বালক ও বালিকা দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। আয়োজক কমিটি জানায়, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তাদের নির্ধারিত ম্যাচগুলো বাতিল ঘোষণা করা হয়।

 

 

 

মাঠের পারফরম্যান্সে এগিয়ে ছিল খাগড়াছড়ি সদর উপজেলা। বালক ও বালিকা—উভয় বিভাগেই রামগড় উপজেলাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। বালক বিভাগে টাইব্রেকারে গুইমারাকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে খাগড়াছড়ি পৌরসভা দল।

 

 

বালিকা বিভাগে গুইমারা উপজেলা ১-০ গোলে খাগড়াছড়ি পৌরসভাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। পানছড়ি উপজেলা বালক দল লক্ষীছড়িকে ২-১ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডে ওঠে।

 

 

দিনের সবচেয়ে বড় জয় আসে বালিকা বিভাগে, যেখানে লক্ষীছড়ি উপজেলা ৭-০ গোলে পানছড়িকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয়।

 

 

মহালছড়ি ও দীঘিনালা উপজেলার বালক দলের ম্যাচ টাইব্রেকারে গড়ালে দীঘিনালা জয় পায়। তবে বালিকা বিভাগে একই দুই দলের লড়াইয়ে টাইব্রেকারে জয় তুলে নেয় মহালছড়ি উপজেলা।

 

 

দিনব্যাপী খেলাগুলোতে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণ ছিল উল্লেখযোগ্য। প্রতিটি ম্যাচেই ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ।

 

 

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ। তাঁর নেতৃত্বে ক্রীড়া সংগঠক, কোচ ও রেফারিদের সমন্বয়ে আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

 

এদিকে সেমিফাইনালকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে বিরাজ করছে তুমুল উত্তেজনা। কে উঠবে ফাইনালে, কার হাতে উঠবে শিরোপা—সেই অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

Related Articles

Back to top button