বিএনকেএস-এর দুর্গম পার্বত্যাঞ্চলে স্বাস্থ্য সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের রেমাক্রি বাজার ও বড় মদক বাজারে বিভিন্ন সম্প্রদায়ের পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিনামূল্যের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়িত PRLC প্রকল্পের আওতায় এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রথম দিন ৮ জুন রেমাক্রি বাজারে এবং দ্বিতীয় দিন ৯ জুন বড় মদক বাজারে পরিচালিত হয়। ক্যাম্পে দুর্গম এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।
চিকিৎসকরা বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হামের (Measles) টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় যোগ্য শিশুদের হামের টিকা প্রদান করা হয়।
ক্যাম্পে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডা. নাদিয়া হাসেম প্রীতি এবং মেডিকেল অফিসার (মেডিসিন) ও সহকারী সার্জন ডা. নওরিন সুলতানা উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন। দুই দিনে মোট ২৫৩ জন রোগী এ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
এ সময় রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, PRLC প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পেশল চাকমা, মনিটরিং অফিসার রামখমলিয়ান বম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিএনকেএসের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং শিশু ও মাতৃস্বাস্থ্য সহ সার্বিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




