ফেনীতে ফ্লাইওভারে শিক্ষার্থী নিহত, ছিনতাইয়ের অভিযোগ

ফেনী প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারে মোফাদুল ইসলাম ইয়ামিন (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, ছিনতাইকারীরা তাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দিলে দ্রুতগতির একটি গাড়ির চাপায় তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, ছিনতাইকারী ভেবে সিএনজি থেকে লাফ দিয়েই গাড়ির নিচে পড়ে যান ইয়ামিন।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা দিতে ফেনী শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ইয়ামিন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ডিটিএনটি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের দাবি, ফতেহপুর ফ্লাইওভারে সিএনজিতে থাকা কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি তাকে ঘিরে ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়া হয়। এরপর একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দেয়।
গুরুতর আহত ইয়ামিনকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে মীরসরাইয়ে তার মৃত্যু হয়।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গাড়িচাপায় মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে তিনি গাড়ির নিচে পড়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সিএনজিতে থাকা লোকজনকে ছিনতাইকারী ভেবে ইয়ামিন লাফিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।




