পাহাড়ে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় সারা দেশের মতো পানছড়িতেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন বিভাগের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ সহ ছাত্র ছাত্রীদের মাধ্যমে বৃক্ষরোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পানছড়ি বন বিভাগের কর্মকর্তা উহলামং চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




