খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ির দুর্গম সীমান্তে ৩ বিজিবির নলকূপ স্থাপন, ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

 

 

রোববার (২১ জুন) দিনব্যাপী ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম এবং পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফজলুল বারী জিহান শতাধিক অসহায় ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

 

 

পরে জগৎ মোহন পাড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি নলকূপ স্থাপন করা হয়। এছাড়া কৃষক-কৃষাণীদের মাঝে ছাতা এবং ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও শিক্ষা উপকরণের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। বিজিবির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সরকারি সেবার সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, “দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বিজিবির এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহায়তা শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে। এমন কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

 

 

৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম পরিচালনাও বিজিবির দায়িত্বের অংশ। পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

 

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”

 

এ সময় স্থানীয় ইউপি সদস্য রুপক চাকমা সহ গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button