খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতায় খাগড়াছড়িতে বৃক্ষরোপণ

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহার পাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ব্যতিক্রমী কমিউনিটি সম্পৃক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

 

শুক্রবার (১২ জুন) সকালে উল্টাছড়ি বিহার পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব,বনজ ফল বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় নারী, যুবক-যুবতী, শিক্ষার্থী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

এ সময় ইউএনডিপি এর উপজেলা ফ্যাসিলিটেটিং এসোসিয়েট (UFA) অংক্যছেন মারমা, বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা,মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে শুধু সবুজায়ন বৃদ্ধি নয়, বরং ভূমিক্ষয় রোধ, জলাধার সংরক্ষণ, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

কর্মসূচিটি আয়োজন করে বায়োডাইভারসিটি ইকোসিস্টেমস রেস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (BERCR) প্রকল্প, যা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রামে ইকোসিস্টেম পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ERRD-CHT) প্রকল্প, যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহায়তায় পরিচালিত হচ্ছে।

 

সংশ্লিষ্টরা বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button