পার্বত্য অঞ্চলবান্দরবান

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কে দিনভর কাজ করছে সেনাবাহিনী

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার বান্দরবান–আলীকদম–লিটক্রে সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকায় সড়ক যোগাযোগ আংশিকভাবে বিঘ্নিত হয়। দুর্যোগের এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করতে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা স্থানীয় পাড়াবাসীকে সঙ্গে নিয়ে সড়কে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণে কাজ করেন। বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে ১৭ ইসিবি ব্যাটালিয়নও এ কার্যক্রমে সহায়তা প্রদান করছে।

 

 

এদিকে ২৩ কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ অংশে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিত করতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস দ্রুত অপসারণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সেনাবাহিনীর সব ধরনের সহায়তা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা জানান, টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সচল রাখার উদ্যোগ জনসাধারণের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Articles

Back to top button