খাগড়াছড়ি জেলা হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এর অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,“শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা।
শীতবস্ত্র পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক ভাবে বেশি হওয়ায় এ ধরনের সহায়তা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।




