খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে চালু হলো তিন মাতৃভাষা শিক্ষা ক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাব চালু করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) কলেজ অডিটোরিয়ামে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক ক্লাবগুলোর উদ্বোধন করেন।
তিনি বলেন, ভাষা একটি জাতির পরিচয় ও সংস্কৃতির ভিত্তি। মাতৃভাষার বর্ণমালা ও লিখনপদ্ধতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সেনাবাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়েও মাতৃভাষা শিক্ষা চালুর আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ভাষা ক্লাবের জন্য আলাদা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং সপ্তাহে একদিন করে ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, জোন কমান্ডার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




