পার্বত্য অঞ্চলরাঙ্গামাটি

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

বাঘাইছড়ি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ইউপিডিএফ (প্রসীত) দলের সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

 

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।”

 

এ ঘটনায় ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক আঞ্চলিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ওই ঘটনার প্রতিশোধমূলক ধারাবাহিকতার অংশ হিসেবেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

 

তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Related Articles

Back to top button