খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

খাগড়াছড়ি প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (এমপিসিজি) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নগদ সহায়তা ও হাইজিন কিট কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে খাগড়াছড়ির বহু পরিবার ঘরবাড়ি, জীবিকা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এমন সংকটময় সময়ে নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী দুর্গত পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।
তারা আরও জানান, স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় জরুরি নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমেও সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।




