চট্টগ্রাম অঞ্চল

বেগমগঞ্জে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

 

 

একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে গিয়ে হামলা চালান। এ সময় ভবনের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। তাদের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। হামলাকারীরা প্রায় পাঁচ মিনিট ঘটনাস্থলে অবস্থান করে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিসটি অবস্থিত। মিছিল নিয়ে যাওয়ার সময় তারা অফিসের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Related Articles

Back to top button