খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে এগ্রোইকোলজির ওপর গুরুত্ব

খাগড়াছড়ি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির প্রচলিত বাস্তবতা বদলে যাচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝুঁকিতে পড়ছে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃতিনির্ভর উৎপাদনব্যবস্থার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছেন খাগড়াছড়ির এক আঞ্চলিক সংলাপের আলোচকেরা।

 

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ির হিলটপ গেস্ট হাউসের হলরুমে ‘বাংলাদেশের জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা: এগ্রোইকোলজিই পথ দেখায়’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

 

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু কৃষি উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, স্থানীয় কৃষিজ্ঞান ও কৃষিবৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি খাদ্যব্যবস্থাকে টেকসই করে তোলার উদ্যোগ নিতে হবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় কৃষি ও স্থানীয় উৎপাদনব্যবস্থাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

 

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক এবিএম তোহিদুল আলম, আঞ্চলিক সমন্বয়ক মো. আহিদুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এবং মিলনপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক তৃণা চাকমা। সংলাপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রকল্প কর্মকর্তা সুকিরণ চাকমা।

 

 

এতে কৃষক, সমাজকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেন। আলোচনায় দেশের খাদ্যব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, পাহাড়ের কৃষির আঞ্চলিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং এগ্রোইকোলজির মাধ্যমে পরিবেশবান্ধব ও ন্যায়সংগত কৃষিব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

 

সংলাপে স্থানীয় অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষিবৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচকেরা মনে করেন, কৃষককে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করা, স্থানীয় কৃষিজ্ঞান ও বীজের বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির প্রসার জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলার জন্য জরুরি।

 

 

আয়োজকদের মতে, এগ্রোইকোলজি কেবল কৃষি উৎপাদনের একটি পদ্ধতি নয়; বরং প্রকৃতি, কৃষক ও খাদ্যব্যবস্থার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত ধারণা। পাহাড়ি অঞ্চলের স্থানীয় জ্ঞান ও প্রকৃতিনির্ভর কৃষিব্যবস্থাকে কাজে লাগিয়ে জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে।

তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে বারসিক (BARCIK) এবং রোজা লুক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার (Rosa Luxemburg Stiftung South Asia) সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button