বন ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়ের লোকসংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ের মানুষের লোকবিশ্বাস, ঐতিহ্য ও প্রকৃতিনির্ভর জীবনাচার বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় আধুনিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জ্ঞান ও লোকসংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়িতে অনুষ্ঠিত এক সেমিনারের আলোচকেরা।
বুধবার বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ‘বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের লোকসংস্কৃতির ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মংয়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী কর্মকর্তা মথুরা বিকাশ ত্রিপুরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
সেমিনারে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে লোকসংস্কৃতি, প্রকৃতিকে ঘিরে গড়ে ওঠা লোকবিশ্বাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় ঐতিহ্যের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচকেরা বলেন, পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনাচার, লোকজ বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিবিড়। বন ও পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক প্রথা, আচার-অনুষ্ঠান এবং প্রজন্মান্তরে প্রবাহিত অভিজ্ঞতা মানুষকে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। এসব ঐতিহ্য সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি প্রকৃতির সঙ্গে মানুষের দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখতেও ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জ্ঞান ও প্রকৃতিকে কেন্দ্র করে প্রচলিত লোকবিশ্বাস পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা তৈরি এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারে সহায়ক হতে পারে। এ কারণে এসব জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণ, গবেষণা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও নীতিনির্ধারণী উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রকৃতিনির্ভর জীবনাচার এবং ঐতিহ্যবাহী জ্ঞানের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় লোকসংস্কৃতিকে শুধু অতীতের ঐতিহ্য হিসেবে নয়, বরং বর্তমানের পরিবেশগত সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়।




