খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধবিহার পর্যন্ত হেরিংবোন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

 

 

বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়কটি নির্মিত হলে ইসলামাবাদ, লংগদু কলেজ ও বরাদম বৌদ্ধবিহার-সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নেও সড়কটি ভূমিকা রাখবে।

 

 

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর অর্থায়নে হেরিংবোন সড়ক নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

 

 

সেনাবাহিনীর মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থসামাজিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারিত হয়। পাশাপাশি এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

 

 

লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Related Articles

Back to top button