পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত, আগাম প্রস্তুতির আহ্বান

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক সচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

 

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) থানচিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এসব কর্মসূচি পালিত হয়।

 

 

উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

 

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখানে দুর্যোগের ঝুঁকি ভিন্ন ধরনের। এসব দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। প্রতিটি পরিবার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকলে এবং প্রাথমিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

 

 

তিনি আরও বলেন, দুর্যোগের সময় দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসফিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Related Articles

Back to top button