দুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

 

 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম ও মো. জিয়াবুল। আহতদের মধ্যে মো. রাশেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালালের নাম জানা গেছে। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুটাখালী থেকে আলীকদম হয়ে তিন্দু মুখে যান তাঁরা। পরে বাঘেমুখে যাওয়ার পথে ল্যান্ডক্রুজারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

 

ঘটনাস্থলে থাকা কলা ব্যবসায়ী মো. বেলাল জানান, রাত পর্যন্ত নিহত দুজনকে খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

 

বলীপাড়া ৩৮ বিজিবির উপপরিচালক মেজর মো. জাকির হোসেন বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের উদ্ধারে একটি দল পাঠানো হয়েছে। তিনিও নৌকাযোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

Related Articles

Back to top button