খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

জাতীয় দলে খেলার স্বপ্ন দেখালেন ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে নারী ফুটবল খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

 

বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের (সিজন-১) ফাইনাল, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

 

ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আমরা চাই, আজকের এই খেলোয়াড়দের মধ্য থেকেই কেউ একদিন জাতীয় দলে খেলবে, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোমরা নিয়মিত অনুশীলন করো, এগিয়ে যাও। তোমাদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।’

 

 

তিনি বলেন, নারী ফুটবলকে এগিয়ে নিতে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে। আর্থিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা সন্তানদের খেলাধুলায় উৎসাহ দিচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

পাহাড়ের মেয়েদের সাফল্যের উদাহরণ টেনে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা দেশের গর্ব। খাগড়াছড়ির বর্তমান খেলোয়াড়দের মধ্য থেকেও ভবিষ্যতে অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার আট উপজেলার বিভিন্ন ক্লাব, একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এর আগে অনুষ্ঠিত ফাইনালে পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

 

 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button