খাগড়াছড়িতে দৃষ্টিশক্তি সেবায় RGIL প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি প্রতিনিধি: দৃষ্টিশক্তিজনিত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় চশমা দেওয়ার মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়িতে ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস’ (RGIL) প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গ্রীণ হিলের উদ্যোগে এবং ইউনাইটেড পারপাসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড পারপাসের কান্ট্রি ডিরেক্টর সুলতান মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীণ হিলের RGIL প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিটু দত্ত।
সভায় জানানো হয়, তিন পার্বত্য জেলার পাঁচটি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। খাগড়াছড়ির তিন উপজেলার ১৫টি ইউনিয়নে বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলার মোট ২৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাঙামাটির একটি উপজেলার ১৫টি এবং বান্দরবানের একটি উপজেলার তিনটি ইউনিয়নেও কার্যক্রম চলছে।
প্রকল্পের আওতায় দৃষ্টিশক্তিজনিত সমস্যায় থাকা মানুষের প্রয়োজন নিরূপণ করে উপযুক্ত চশমা দেওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি ও জীবিকার সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় ভিশন স্প্রিং প্রকল্পের অ্যাসোসিয়েট ডিরেক্টর উম্মে সাওদা, গ্রীণ হিলের উপপরিচালক যতন কুমার দেওয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




