পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

সভায় উপজেলার দুর্গম এলাকায় শিক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যার তথ্য সংগ্রহ, পর্যটন উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, উপজেলার যেসব দুর্গম গ্রাম ও পাড়ায় ছেলে-মেয়ে থাকা সত্ত্বেও কোনো বিদ্যালয় নেই, সেসব এলাকায় নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বিদ্যালয়বিহীন পাড়া ও গ্রামের তালিকা চাওয়া হয়েছে।
এ সময় ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, “দুর্গম এলাকার কোনো শিশু যেন বিদ্যালয়ের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করবে। বিদ্যালয়বিহীন পাড়া ও গ্রামের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

সভায় আরও জানানো হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসংখ্যা ও পারিবারিক বিভিন্ন তথ্য আদমশুমারির আদলে সংগ্রহ করা হবে। আগামী ১ অক্টোবর থেকে পরিসংখ্যান বিভাগের কর্মীরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সঠিক তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় এলাকায় পর্যটকদের জন্য একটি পর্যটন ভিউ পয়েন্ট নির্মাণে সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সীমান্ত পরিস্থিতি, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মতামত দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, জেলার বিএনপি আহবায়ক কমিটিতে মংশৈম্রাই মারমা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button