খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা

‘কিশোর গ্যাং নয়, গড়বো স্বপ্নের ভবিষ্যৎ’

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘কিশোর গ্যাং নয়, গড়বো স্বপ্নের ভবিষ্যৎ—আজকের কিশোর, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

 

সভায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতা, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভালো বন্ধু বেছে নেওয়া, পরিবার ও সমাজের দায়িত্ব এবং কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভাপতির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, ‘সকালে র‍্যালির পর চারপাশে ঘুরে কয়েকজনকে সেখান থেকে সরিয়ে দিয়েছি। জিজ্ঞেস করলে তারা বলেছে, প্রাইভেট পড়তে এসেছে। অথচ পরে দেখা গেল, ক্যান্টিনে গিয়ে সিগারেট কিনছে। এভাবেই অনেক সময় আড্ডা, সিগারেট ও বন্ধুত্বের মাধ্যমে কিশোররা ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে।’

 

তিনি বলেন, ‘একপর্যায়ে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এবং পরিবার, বন্ধু, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।’

 

কিশোরদের উদ্দেশে ইউএনও বলেন, ‘যারা বিপথে যাচ্ছে, তারা আপনাদেরই সমবয়সী ও বন্ধু। কেন আপনাদের কোনো বন্ধু বিপথে যাচ্ছে, এর পেছনে কী কারণ রয়েছে—আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকে তা আমাদের জানান। আপনাদের মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমরা জেলায় একটি সমন্বিত পরিকল্পনা করতে চাই। এর মাধ্যমে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমাদের কিশোর-তরুণদের দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’

 

সভায় বক্তারা বলেন, কিশোরদের সঠিকভাবে পরিচালনা করা গেলে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিবেশ তৈরি করতে হবে।

 

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর-কিশোরীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Related Articles

Back to top button