পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবা নিয়ে প্রকল্পের অবহিতকরণ সভা

থানচি প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তজিংডংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন তজিংডংয়ের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিফ হোসেন ও থানচি থানার ওসি কানন সরকার।

 

বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এখনো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদসহ বিভিন্ন সেবা পেতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এসব মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি।

 

প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, দুর্গম এলাকার মানুষের কাছে সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকল্পের সুফল যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

 

সভায় ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। এর আওতায় স্বাস্থ্যসেবা, ৬ থেকে ৫৯ মাস বয়সী অপুষ্ট শিশুদের (এসএএম ও এমএএম) সেবা, পশুপালন ও কৃষি সহায়তা, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

 

 

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, তজিংডংয়ের কর্মকর্তা ও প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Related Articles

Back to top button