খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

 

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

মৎস্যসম্পদ উন্নয়ন ও উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার তিনজন মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে দক্ষিণ খবংপুড়িয়ার সৃজন চাকমা, কার্পজাতীয় মাছ উৎপাদনে রামগড়ের হাতির খেদা এলাকার মো. সেলিম এবং মাছের পোনা উৎপাদনে তাইন্দং বাজারপাড়ার সুরুজ মিয়া।

 

 

মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করতে নানা কর্মসূচি পালন করা হবে।

 

 

সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি অঞ্চলের জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো সম্ভব। এ জন্য চাষিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Related Articles

Back to top button