মুন্সিগঞ্জ শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভনে নারীকে নির্জনে নিয়ে অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে অটোরিকশা সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। আটক সম্রাট লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার আমেনা (৬০) কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে আসেন। তবে যে বাড়িতে তিনি কাজ করতে এসেছিলেন, সেটির মালিকের নাম বলতে না পারায় অটোরিকশাচালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সম্রাট। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাকে অটোরিকশা সহ আটক করেন। পরে শ্রীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে হেফাজতে নেয়।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




