খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ে এসএসসিতে শূন্য পাস, ১৬ জনই অকৃতকার্য

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
এসএসসি ২০২৬ পরীক্ষায় খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়টি থেকে এবার ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

 

 

জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে চলতি শিক্ষাবর্ষের ১০ জন এবং আগের শিক্ষাবর্ষের ছয়জন ছিল। তবে ফল প্রকাশের পর দেখা যায়, ১৬ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

 

 

উপজেলার সাতটি বিদ্যালয় ও দুই মাদ্রাসা মিলিয়ে এবার ৫১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন পাস করেছে। বিদ্যালয়গুলোতে পাসের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। সবচেয়ে খারাপ ফল করেছে চৌধুরীপাড়া উচ্চবিদ্যালয়—৭৩ জনের মধ্যে পাস করেছে মাত্র ৯ জন। বিপরীতে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় ৫৬ জনের মধ্যে ৫২ জন পাস করেছে।

 

 

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু মুছার অভিযোগ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের গ্রুপিং ও দ্বন্দ্বে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। এ নিয়ে গত বছর শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভও হয়েছে।

 

 

প্রধান শিক্ষক খুরশিদ আলম অভিভাবকদের অনীহাকে দায়ী করলেও শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ঘাটতি থাকার কথা স্বীকার করেছেন।

 

 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মোস্তফা কামাল বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম এমন বিপর্যয়কর ফল হলো।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম বলেন, প্রধান শিক্ষকের সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলাফল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button