সারাদেশ

বাগেরহাট আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।

 

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাঁদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

 

 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, নিচতলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালতের সামনে বিচারপ্রার্থীরা অবস্থান করছিলেন। হঠাৎ বারান্দার ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। এতে সাতজনের ওপর পলেস্তারা পড়ে এবং তাঁদের মধ্যে পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন।

 

 

এম এম মাহাবুব মোর্শেদ লালন আরও বলেন, আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

 

 

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শেখ আদনান হোসেন বলেন, আহত পাঁচজনের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

ঘটনার পর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পুরোনো ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটি সংস্কারের উদ্যোগ নিতে হবে।

Related Articles

Back to top button