পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে বন্যাদুর্গতদের পাশে ৩৮ বিজিবি

থানচি ,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার বন্যাদুর্গত ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৮ বিজিবি বলিপাড়া জোন।

 

 

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৩৮ বিজিবির বলিপাড়া জোনের তত্ত্বাবধানে মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূইয়ার নেতৃত্বে চিকিৎসক দল এ সেবা প্রদান করেন।

 

 

মেডিকেল ক্যাম্পে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষ, প্লাবিত এলাকার অন্যান্য পরিবার এবং দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙালিসহ দেড় শতাধিক বানভাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

 

 

এ সময় চিকিৎসকদের পক্ষ থেকে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয়, বিশুদ্ধ পানি ব্যবহারের গুরুত্ব, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

 

 

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতেও যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে স্থানীয় জনগণের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button