ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে রামগড় বিজিবি

রামগড়,খাগড়াছড়ি প্রতিনিধি:
টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ খাগড়াছড়ির রামগড় উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৩ বিজিবি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি পানিবন্দী ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ৪৩ বিজিবি।
রোববার (১২ জুলাই) ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
এ সময় জোন কমান্ডার টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন।
বিজিবি জানায়, কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রামগড় আবাসিক এলাকা, বৈদ্যটিলা, বল্টুরাম ও গর্জনতলী এলাকার সাধারণ জনগনের বসতবাড়ি, ফসলাদি ও মৎস্য খামার ক্ষতিগ্রস্থ হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি বলেন, ‘অতিবৃষ্টির ফলে যখন অসংখ্য পরিবার বিপর্যস্ত, তখন মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ত্রাণসামগ্রী বিতরণ, প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা’।




