খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

মহালছড়িতে পানিবন্দি মানুষদের চিকিৎসা সেবাও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দুর্গত মানুষের এই দুর্দশা লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনা জোন।

 

 

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের মাঝে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন এলাকায় গিয়ে চিকিৎসা প্রদান করছে।

 

 

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) জানান, বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে পারছেন না, আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তারা জানান, দুর্গম ও পানিবন্দি এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

Related Articles

Back to top button