সারাদেশ

দৌলতপুরে কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের আয়মুখী প্রশিক্ষণ

দৌলতপুর ,মানিকগঞ্জ :
কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে এক বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ এর উদ্যোগে সোমবার (২২ জুন) সকালে দৌলতপুর ব্র্যাক কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির যৌথ আওতায় ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের অধীনে স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

 

​দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, সঠিক পরিচর্যা, সাধারণ রোগ প্রতিরোধ এবং এর মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন বাস্তবমুখী কৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম।

 

 

​প্রশিক্ষণ পর্ব শেষে অংশগ্রহণকারী ২৯ জন কিশোরীর প্রত্যেকের হাতে আনুষ্ঠানিক সনদপত্র, মুরগির বাচ্চা এবং নগদ ২ হাজার ৬০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

 

​আয়োজক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি এই সহায়তার মাধ্যমে গ্রামীণ কিশোরীরা যেন নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই আয় করতে পারে এবং পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

​ব্র্যাক দৌলতপুর এলাকা শাখার ব্যবস্থাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফজলে রাব্বি।

 

 

​স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনদের মতে, ব্র্যাকের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ প্রান্তিক অঞ্চলের কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে, দক্ষতা উন্নয়নে এবং পরিবার ও সমাজে তাদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।

Related Articles

Back to top button