খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি:
দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

২০ মে ২০২৬, বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

 

 

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগকালীন প্রস্তুতি এবং সচেতনতার বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ রেড ক্রিসেন্টের যুব সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক আলোচনা, উদ্ধার কার্যক্রম প্রদর্শনী এবং জনসাধারণকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

বক্তারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

Related Articles

Back to top button