খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন স্থানীয় অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, পর্চা, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে নাগরিকদের হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। ভূমিসেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করতে সরকারের গৃহীত উদ্যোগগুলোও তুলে ধরা হচ্ছে মেলায়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।




