থানচিতে প্রথম সরকারি সফরে আসছেন নবনির্বাচিত এমপি সাচিংপ্রু জেরী

বান্দরবান প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বান্দরবানের থানচি উপজেলায় সরকারি সফরে আসছেন স্থানীয় এমপি ও বিএনপির নেতা সাচিংপ্রু জেরী। তার এ সফরকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি সাচিংপ্রু জেরী। বৈঠকে সাংগু নদীতে জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পোনা অবমুক্তকরণ, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে জানা গেছে।
এছাড়া পর্যটন সম্ভাবনাময় এই অঞ্চলে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হবে। স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন গাইড, হোমস্টে ব্যবস্থাপক ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টি সভায় গুরুত্ব পাবে।
পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমের সঠিক বাস্তবায়ন, ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা, কৃষি উপকরণ প্রাপ্তি এবং ভর্তুকি সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।
বিএনপির স্থানীয় নেতারা জানান, এ সফরের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, চলমান সরকারি কার্যক্রম, স্থানীয় সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।




