খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

পানছড়ি ,খাগড়াছড়ি :
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি কেবল খাদ্য গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অপরিহার্য।

 

বক্তারা আরও বলেন, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

 

আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন এবং সচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, ডা. মিনাক্ষী চাকমা, ডাক্তার মো. সাদ ইবনে জহির ভূঁইয়া , সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button