পানছড়িতে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

পানছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় অংশ নেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞান ভিত্তিক নানা প্রদর্শনী মেলায় আগতদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




