খাগড়াছড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন লালমনিরহাট প্রমিলা একাডেমি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এক প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট প্রমিলা ফুটবল একাডেমি।
শনিবার (০৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা সদর গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু থেকেই ছিল সমানতালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কেউ—ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। ম্যাচের শুরুতেই দারুণ এক আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় খাগড়াছড়ি ফুটবল একাডেমি, যা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। তবে লালমনিরহাট দল হাল ছাড়েনি। একের পর এক সংগঠিত আক্রমণে তারা ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায়।
এদিকে খাগড়াছড়ির আরও দুটি সম্ভাবনাময় গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচে নতুন মোড় নেয়। সুযোগ কাজে লাগিয়ে লালমনিরহাটের ফুটবলাররা শেষ ১০ মিনিটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে খাগড়াছড়ির জালে জোড়া গোল করে ম্যাচ নিজেদের করে নেয়।
খেলা শেষে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশ দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাটের কৃতি ফুটবলার রাত্রি মনি এবং সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রানারআপ হওয়া ইশিতা ত্রিপুরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, সদস্য মাদল বড়ুয়া, লালমনিরহাট ফুটবল একাডেমির পরিচালক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও জনপ্রতিনিধিরা।
উত্তেজনা, নাটকীয়তা আর শেষ মুহূর্তের গোল,সব মিলিয়ে এই ম্যাচটি দর্শকদের জন্য হয়ে উঠেছিল এক স্মরণীয় ফুটবল সন্ধ্যা।




