পার্বত্য অঞ্চলসারাদেশ

নারী উদ্যোক্তা রিতা চাকমার পাশে দাঁড়াল সেনাবাহিনী

হতাশা থেকে আশার আলো

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের ছোট্ট ব্যবসা শুরু করার স্বপ্নের কথা জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন এক তরুণী। কিন্তু প্রত্যাশিত সাড়া না পেয়ে যখন হতাশায় ভেঙে পড়ছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ায় সেনাবাহিনী—জ্বলে ওঠে নতুন আশার আলো।

 

 

তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫)। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার ছয়নাল ছড়া গ্রামের বাসিন্দা তিনি। তার পিতা কমল কিষ্ট চাকমা (৬৫)। সীমিত সামর্থ্য নিয়েও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল রিতার। সেই স্বপ্ন বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সহায়তা কামনা করলেও কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তিনি একসময় হতাশ হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে আসে। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট জোন কমান্ডার দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই রিতার জন্য একটি দোকান চালু করতে প্রয়োজনীয় বক্স, বিভিন্ন পণ্যসামগ্রী সহ সার্বিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত রিতা চাকমা বলেন, “আমি ভাবিনি কেউ এভাবে পাশে দাঁড়াবে। এই সহায়তা শুধু একটি দোকান নয়, এটি আমার স্বপ্ন পূরণের নতুন পথ খুলে দিয়েছে।”

 

স্থানীয়দের মাঝেও এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাদের মতে, এমন সহায়তা শুধু একজন মানুষের জীবনই বদলায় না, বরং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়,চেষ্টা থাকলে পথ তৈরি হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, বরং মানবিক সহায়তা, শিক্ষা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রিতা চাকমার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আবারও প্রমাণ করলো,মানবিকতা এখনও বেঁচে আছে, আর সেই মানবিকতার হাত ধরেই বদলে যেতে পারে একটি জীবন, একটি পরিবার, এমনকি পুরো সমাজ।

Related Articles

Back to top button