খাগড়াছড়িতে নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি ॥
তৃণমূল পর্যায়ে নারী–শান্তি–নিরাপত্তা (Women, Peace and Security—WPS) অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে দিনব্যাপী একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স কক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর যৌথ আয়োজনে এবং বিএনপিএস-এর মাধ্যমে ইউএন উইমেনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট অফিসার হালিমা আক্তার লিজা, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সেঁজুতি ধর, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সহকারী পরিচালক গীতিকা ত্রিপুরা ও কাজল বরন ত্রিপুরা।
কর্মশালায় নারী অধিকার সংগঠন, কমিউনিটি-ভিত্তিক সংগঠন, যুব সংগঠনসহ বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডার গুরুত্ব, জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়ন কৌশল নিয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন।
আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাবনার আলোকে প্রণীত নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। এই পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করা এবং যুব সমাজ ও কমিউনিটি সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, নারী–শান্তি–নিরাপত্তা অ্যাজেন্ডার কার্যকর স্থানীয়করণ একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী অধিকার, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।




