সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম মদকে সড়ক যোগাযোগের নতুন দিগন্ত

থানচি,বান্দরবান:
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী মদক এলাকায় প্রথমবারের মতো সড়ক যোগাযোগ চালু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের বাস্তবায়নাধীন “থানচি-রেমাক্রী-মদক-লিটক্রে সড়ক নির্মাণ প্রকল্প”-এর আওতায় এই সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকালে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম গাড়িযোগে বড় মদক পৌঁছে সড়কটির উদ্বোধন করেন। ২০১৪ সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৬২ কিলোমিটার কার্পেটিং কাজ শেষ হয়েছে এবং বাকি অংশে কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মদক অঞ্চলে প্রায় ৪৫০ পরিবারের বসবাস। এতদিন নৌপথই ছিল একমাত্র যোগাযোগ ব্যবস্থা। নতুন সড়ক চালু হওয়ায় শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় কারবারী সাচিং ফ্রু মারমা বলেন, বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, এখন সড়ক হওয়ায় মানুষের দুর্ভোগ কমবে। এছাড়া সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় একটি ফুটবল মাঠ নির্মাণ করায় তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি হয়েছে।
পরিদর্শনকালে সেনাবাহিনীর কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের-আল-হাসান বলেন, এই সড়ক পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




