লংগদুতে দুর্গম এলাকার আবাসিক বিদ্যালয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে দুর্গম পার্বত্য এলাকার একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। এ সময় বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন জোন কমান্ডার।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মানোন্নয়ন ও বিদ্যালয়মুখী করতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে ১৪০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জোন কমান্ডার বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করা ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




