রামগড়ে ইয়াবা-গাঁজা সহ দুই যুবক আটক

রামগড়,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ও রবিবার দিবাগত রাতে উপজেলার সোনাইপুল এলাকায় পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ জেলা সদরের সোনাপুর এলাকার তমিজ খানের ছেলে জোবায়েল খান (২৬) এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রশিদ মেস্ত্রীপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, বিকেলে সোনাইপুল ফরেস্টের সামনে সড়কে সিএনজি তল্লাশির সময় জোবায়েল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালালে তাঁর সিগারেটের প্যাকেট থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।
অন্যদিকে, মধ্যরাতে সোনাইপুল ফরেনার চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় সাইফুল পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জব্দ তালিকা অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




