মুন্সিগঞ্জ শ্রীনগরে একদিনে পাঁচ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শেখ মো. আব্দুল্লাহ

শ্রীনগর ,মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে গাদিঘাট খামারবাড়িতে আর্টিফিশিয়াল বিল (গাদিঘাট) মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। একই স্থানে শ্রীনগর উপজেলার খামারিদের মধ্যে রবিপুর্ণ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল ও বৈঠা বিতরণ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন ও ফুট পাম্প বিতরণ করা হয়।
পরে দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে সরকারের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষক, খামারি, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




