খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

ভিটামিন-এ ক্যাম্পেইনকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটি শুধু স্বাস্থ্য বিভাগের একক কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলন। কর্মসূচির সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

 

 

বক্তারা আরও বলেন, “২৮ জুন আমাদের একটাই লক্ষ্য—উপজেলার কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে। সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।”

 

 

সভায় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. সাব্বির মাহমুদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Related Articles

Back to top button