পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে থানচিতে রন্ধন প্রণালী প্রদর্শনী

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় পরিবার পর্যায়ে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে রন্ধন প্রণালী (কুকিং ডেমোনস্ট্রেশন) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) রেংরিং ম্রো পাড়া গ্রামে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সবজি, ফলমূল ও দেশীয় খাদ্য উপাদান ব্যবহার করে স্বাস্থ্যসম্মত ও সুষম খাবার প্রস্তুতের কৌশল প্রদর্শন করা হয়।
পিএইপি-৩ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহাম্মদ নাঈম বিন শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উসিনু মারমা, মো. ফরহাদ আজিম, জ্যোতি প্রিয় চাকমা ও নারী উদ্যোক্তা থুইমেচিং মারমা।
বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি সচেতনতা জরুরি। ঘরের আঙিনায় উৎপাদিত দেশীয় শাক-সবজি দিয়েই পুষ্টিকর খাবার তৈরি সম্ভব।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশ নেন এবং হাতে-কলমে পুষ্টিকর খাবার প্রস্তুতের কৌশল শেখেন।




