খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সফল মাছচাষিদের সম্মাননা

পানছড়ি প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

 

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

 

 

এ সময় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া ও পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যচাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।

 

অনুষ্ঠানে সফল মাছচাষি হিসেবে মো. ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগমের কর্মকাণ্ড তুলে ধরে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া কংচাইরীপাড়া একতা মৎস্যচাষি সমিতি, পাইলট ফার্ম গ্রামের মো. আবু তালেব ও জিয়নগরের মো. মহিন উদ্দিনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Related Articles

Back to top button