দুর্গম চিকনচাঁন পাড়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ
ফ্রি চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
দুর্গম পাহাড়ি জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি জোন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত চিকনচাঁন পাড়ায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ঢেউটিন সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
শনিবার (০৯ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে লোগাং ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে আগত প্রায় ৩০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। দুর্গম এলাকায় এমন স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
এছাড়াও চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ছাতা বিতরণ করা হয়। পরে স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজের সহায়তায় ঢেউটিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। একইসঙ্গে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহিংসতার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম এলাকায় এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদ স্বরূপ।




