খাগড়াছড়িতে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ক তথ্য তুলে ধরতে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও স্বাস্থ্য খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও ডিজিটাল সেবার সম্প্রসারণে সরকারের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে সুফল বয়ে আনছে। তিনি উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছানো সম্ভব।
এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।




