থানচিতে শুরু হলো স্মাট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

থানচি ,বান্দরবান প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ‘কৃষক তথ্য সংগ্রহ অ্যাপস’-এর মাধ্যমে অনলাইনে নিবন্ধনের এ কার্যক্রমে প্রথম দিনেই কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে থানচি সদর ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অ্যাপসে নিবন্ধন করেন।
কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংবাই মারমা, মংচিংপ্রু মারমা, বিপ্লব মারমা, অনুজিত দাশ গুপ্তসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন জানান, কৃষি মন্ত্রণালয়ে গত ১৪ জুলাই অনুষ্ঠিত ‘স্মার্ট কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটি’র দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলায় একযোগে কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করা হয়েছে। সেই অনুযায়ী থানচি সদর ইউনিয়নের সদর ব্লক থেকে কার্যক্রমের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, ‘কৃষক তথ্য সংগ্রহ অ্যাপস’-এ নিবন্ধিত তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে কৃষক কার্ড প্রদান করা হবে। তাই সব কৃষককে সঠিক তথ্য দিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রথম দিনেই থানচি হেডম্যানপাড়ার ১২০টি পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তথ্য নিবন্ধনে অংশ নেন। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, কৃষক কার্ড চালু হলে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য কৃষিসেবা আরও সহজ ও দ্রুত পাওয়া যাবে।




